জিআর কোভিড-নাইনটিন ডট ব্লট র্যাপিড টেস্টিং কিট উন্মোচন
করোনা পরীক্ষায় দেশে তৈরি ‘র্যাপিড টেস্টিং কিট’ উন্মোচন করলো গণস্বাস্থ্য কেন্দ্র। সরকারি অনুমোদন পেলেই ব্যক্তির শরীরের কোভিডি-১৯ সনাক্তের কাজ শুরু করতে সক্ষম হবে। কিটের নাম দেয়া হয়েছে জিআর কোভিড-নাইনটিন ডট ব্লট র্যাপিড টেস্টিং কিট।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য হাসপাতালে কিটটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীদের উদ্ভাবিত কিটটির সাহায্যে রক্তের এন্টিবডি ও এন্টিজেন পরীক্ষা করা যাবে। এর মাধ্যমে করোনা সংক্রমণ হয়েছে কি না, তা জানা যাবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
কিটটি আজ ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করার কথা ছিলো। কিন্তু সংস্থাটির পক্ষ থেকে কেউ উপস্থিত না থাকায় মার্কিন সংক্রামক রোগ সংস্থা- সিডিসির প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ জানান, রোববার (২৬ এপ্রিল) টেস্টিং কিটটি ঔষধ প্রশাসন অধিদপ্তরে পৌছে দেয়া হবে।
কিট উদ্ভাবনের অন্যতম বিজ্ঞানী ড. বিজন শীল জানান, প্রথম পর্যায়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই কিট দিয়ে পরীক্ষা করা হয়েছে। গণস্বাস্থ্য এন্টিজেন ও এন্টিবডি দুটি সনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করেছে। যে কারণে এখন পর্যন্ত সকল পরীক্ষায় শতভাগ সফলতা পাওয়া গেছে।